আনোয়ারায় চারতলা ভবনের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

কামরুল ইসলাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় একটি আবাসিক ভবনের চারতলার বারান্দা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটি দীর্ঘদিন ধরে পশ্চিমচাল এলাকার গুলবাহার আবাসিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে চঞ্চল স্বভাবের আবির সবার অজান্তে বারান্দায় চলে যায়। অভিযোগ রয়েছে, বারান্দাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা রেলিং না থাকায় খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় আবির সবার চোখ এড়িয়ে বারান্দায় চলে যায়। পরে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *