কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে নেই। অনেকেই মনে করছেন, এই সুযোগে একাত্তরকে মুছে দিয়ে ২০২৪ বা ‘চব্বিশ’কে সামনে নিয়ে আসা হবে।
এস এম জিলানী এ প্রসঙ্গে বলেছেন, “আমি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই—একাত্তর আমার মুক্তিযুদ্ধ, একাত্তর আমার স্বাধীনতা। এই একাত্তরই আমার আগামী দিনের পথচলার প্রেরণা। যারা আজ একাত্তরকে মুছে দিয়ে চব্বিশকে সামনে নিয়ে আসতে চায়, তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই। এর বাইরে কোনো ভাবনার অবকাশ নেই।”
সোমবার রাতে (২৬ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বান্ধাবাড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা একাত্তরকে মুছে দিতে চায়, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই—একাত্তর না থাকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকবেন না। একাত্তর না থাকলে বিএনপির রাজনীতি স্থায়ী হতে পারবে না। ঠিক তেমনি, একাত্তর না থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ও আওয়ামী লীগের রাজনীতিও থাকবে না। তাই আমাদের একাত্তরকে সর্বদা সমুন্নত রাখতে হবে।”
বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
এরপর এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা গ্রামে জয় হরি সেবাশ্রমে অনুষ্ঠিত একটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, “আমি সুখে-দুঃখে আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকতে চাই। আপনাদের সমর্থন ও ভোট পেলে আমি কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।”