নুরুল আমিন হেলালী:
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ২৭ জানুয়ারি ৬ষ্ট দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ শুরু করেছেন। তিনি মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে কৈয়ারবিল ইউনিয়নের আবাল-বৃদ্ধ বনিতা তাকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন। তার আগমণে চারিদিকে মিছিলে মিছিলে যেন উৎসবের আমেজ। অনেকে ফুলের মালা ও ফুলের পাপড়ি উপহার দেন, কেউ আবার দু’হাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন। সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন, শুভেচ্ছা গ্রহণ করছেন এবং ধানের শীষে ভোট চাইছেন।
খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, “জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন।”
স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে ফিরে পাবে, কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা—সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই তৈরি করা। আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। আমরা ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, যা ছিলো শহিদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জনআকাঙ্ক্ষা।”
এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে সালাহউদ্দিন আহমদ নিজের নির্বাচনী এলাকা পেকুয়া-চকরিয়া চষে বেড়াচ্ছেন, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পথ ও প্রান্তরে নিরবিচ্ছিন্ন প্রচার চালাচ্ছেন। তাঁর প্রতিটি জনসভায় নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।