ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প শুধু ইরানের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবই প্রত্যাখ্যান করেননি, বরং তার সহযোগীদের জানিয়েছেন—নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও বোমা হামলা চালানোর নির্দেশ দিতে পারেন তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা।

এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নতুন একটি শান্তি চুক্তির নথি পাঠিয়েছে তেহরান।

আরাগচি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির শর্ত মেনে নিতে রাজি হলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান।

তিনি আরও জানান, জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ করা শর্তগুলোই নতুন চুক্তির নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, চুক্তির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু চুক্তি সম্পাদন এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অপেক্ষা রয়েছে।

এদিকে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান এবং ট্রাম্পের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *