ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভূমিকায় অসন্তুষ্ট ৭১% মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও এ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। একই সঙ্গে দেশটির অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মার্কিনি।

অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের ১ অক্টোবর প্রকাশিত জাতীয় জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। একই জরিপে ৬৯ শতাংশ প্রাপ্তবয়স্ক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না।

জরিপে অর্থনীতি নিয়েও উদ্বেগের চিত্র উঠে এসেছে। অনেক উত্তরদাতা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিশেষ করে জ্বালানি ও খাবারের খরচ বহন করা নিয়ে উদ্বেগ বেড়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, ৬৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, স্বাভাবিকের তুলনায় বেশি দামের পেছনে ট্রাম্প প্রশাসনের নীতির ভূমিকা রয়েছে। তবে রিপাবলিকানদের ৬৭ শতাংশ মনে করেন, মূল্যবৃদ্ধির কারণগুলো প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বাইরে।

এদিকে ৬৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় ট্রাম্পের কার্যক্রম তাদের প্রত্যাশার তুলনায় খারাপ হয়েছে। জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি মানুষ মনে করেন, ট্রাম্প ২০২৫ সালে আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশ ও জাতীয় অর্থনীতির পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে।

এমন পরিস্থিতিতে আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ইরান যুদ্ধের পাশাপাশি এর অর্থনৈতিক প্রভাব নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।

ইরান যুদ্ধ আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে তাঁর দলের ওপর প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি সম্ভব। তবে তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

জরিপের নেতিবাচক ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জরিপ পরিচালনাকারীদের সমালোচনা করেন। তিনি দাবি করেন, খারাপ ফলাফল দেখানো কিছু জরিপ ভুয়া। পাশাপাশি তিনি বলেন, বর্তমানে তাঁর বিরুদ্ধে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ২০ পয়েন্টের ব্যবধানে জয়ী হবেন।

AP-NORC-এর এই জরিপটি ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২ হাজার ১৪০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর পরিচালিত হয়। জরিপটির নমুনাগত ত্রুটির হার প্লাস বা মাইনাস ২ দশমিক ৯ শতাংশ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *