ঈদগাঁওতে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঈদগাঁও নদীর ছাতিপাড়া এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। পরে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় পাওয়া যায়। তিনি বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা বল্লব, দুই সন্তানের জনক এবং হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন দুপুরের পর ছাতিপাড়া এলাকায় নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে তার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদা বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *