ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নতুন অফিস বাজারে অবশেষে নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত একটি পাবলিক টয়লেট। দীর্ঘদিনের জনদাবির পর এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে নতুন অফিস বাজারের নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে মসজিদের খতিয়ানভুক্ত জায়গায় পাবলিক টয়লেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, নতুন অফিস বাজারের মেইন রোডের পাশে একটি পাবলিক টয়লেট স্থাপন ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। প্রতিদিন বাজারে আসা ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এ ধরনের একটি জনসেবামূলক স্থাপনা অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
অবশেষে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। পাশাপাশি নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং পরবর্তী সময়ে এর যথাযথ পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, পাবলিক টয়লেটটি চালু হলে নতুন অফিস বাজারে দীর্ঘদিনের একটি নাগরিক সুবিধার ঘাটতি পূরণ হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।