ঈদগাঁওয়ে অবৈধ করাতকল ও বালুর মজুতে উপজেলা প্রশাসনের অভিযান

মনজুর আলম:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায় অবৈধ করাতকল ও অবৈধভাবে মজুত করা বালুর বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিরছড়ার কানছিরা ঘোনায় অবৈধভাবে উত্তোলন ও মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে কালিরছড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কহিনুর আক্তার, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, বিট কর্মকর্তা রাকিবুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, কালিরছড়ার কানছিরা ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়। জব্দ করা বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অন্যদিকে, কালিরছড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত অবৈধ করাতকলের বিরুদ্ধেও প্রশাসন অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, বালু উত্তোলন, অবৈধ মজুত ও অনুমোদনহীন করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *