নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকায় জমি কিনে দীর্ঘদিনেও রেজিস্ট্রি না পাওয়ার অভিযোগ উঠেছে আবু হানিফ হাওলাদার ও তাঁর দুই ছেলে শান্ত ও আল আমিনের বিরুদ্ধে। জমি কেনার জন্য টাকা পরিশোধ করেও দলিল বুঝে না পাওয়ায় চরম হয়রানি ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ইব্রাহিম খলিল।
ভুক্তভোগীর অভিযোগ, ক্ষুদ্রকাঠি এলাকায় আবু হানিফ হাওলাদার ও তাঁর পরিবারের কাছ থেকে তিনি টাকা দিয়ে জমি ক্রয় করেন। জমি কেনার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিক্রেতা পক্ষ জমির রেজিস্ট্রি সম্পন্ন করে দিচ্ছে না। এ বিষয়ে বারবার যোগাযোগ এবং রেজিস্ট্রির জন্য তাগাদা দেওয়া হলেও কোনো সমাধান পাননি বলে দাবি তাঁর। বরং জমির দলিল বুঝে চাইতে গেলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ইব্রাহিম খলিলের দাবি, একই এলাকার আবু হানিফ হাওলাদার এবং তাঁর দুই ছেলে শান্ত ও আল আমিন সংঘবদ্ধভাবে তাঁকে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। শুধু রেজিস্ট্রি না দেওয়াই নয়, তাঁর ক্রয়কৃত জমি দখলেরও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জমিতে গেলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি তাঁর।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা চলছে। এ ঘটনায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা জমির মালিকানা নিশ্চিত করতে না পেরে তিনি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান।
ইব্রাহিম খলিল বলেন, জমি কেনার পর নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তাঁকে ঘোরানো হচ্ছে। নিজের কেনা জমির দলিল চাইতে গিয়ে উল্টো হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। একই সঙ্গে তাঁর ক্রয়কৃত জমির বৈধ রেজিস্ট্রি নিশ্চিত করা এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জমি-সংক্রান্ত বিরোধের আইনানুগ নিষ্পত্তি প্রত্যাশা করছেন স্থানীয়রা।