Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
একটি ফোনকল, তারপর নিখোঁজ! সৌদি প্রবাসী মুন্নিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবার - দৈনিক স্বাধীন সংবাদ

একটি ফোনকল, তারপর নিখোঁজ! সৌদি প্রবাসী মুন্নিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত বছর আগে কাজের উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল বাঙালবাড়ি এলাকার বাসিন্দা আকবর আলীর পুত্র শাহিনের স্ত্রী মুন্নি আক্তার। প্রথম ছয় বছর নিয়মিত স্বামী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সংসারের খরচও পাঠাতেন। তবে গত এক বছর ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন স্বামী শাহিন।

এদিকে, মায়ের কোনো খোঁজ না পেয়ে হতাশা ও উদ্বেগে দিন কাটছে শাহিন ও মুন্নি আক্তারের ছেলে-মেয়েদের। তারা মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
শাহিন জানান, গত জুন মাসে হঠাৎ মুন্নি আক্তার তার মোবাইল ফোনে কল করে বলেন, “আমাকে বাঁচান, আমার ছেলে-মেয়েগুলোর দিকে খেয়াল রাখবেন।” এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। শাহিনের দাবি, তিনি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

শাহিন আরও বলেন, “আমার স্ত্রী বর্তমানে সৌদি আরবে আছেন নাকি বাংলাদেশে ফিরেছেন, সেটিও আমি জানি না। কিছুদিন আগে বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরে দেখি ঘরের ভেতরে বিভিন্ন তাবিজ ও কুফরি কালামের কাগজপত্র পড়ে আছে। এরপর থেকে আমার মানসিক অস্থিরতা বাড়ছে। আমার সন্দেহ, আমার স্ত্রীকে কেউ কোনোভাবে আটকে রেখেছে বা তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা হয়েছে।”

তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার স্ত্রীর সন্ধান পেতে আমি সবার সহযোগিতা কামনা করছি। দেশের মানুষ যদি আমার এই আবেদনটি দেখে কোনো তথ্য দিতে পারেন, তাহলে আমার পরিবার উপকৃত হবে।”

এ ঘটনায় পরিবারের সদস্যরা মুন্নি আক্তারের বর্তমান অবস্থান শনাক্ত করে দ্রুত তার সন্ধান বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *