‘এক ছেলেকে হারিয়েছি, আরেকজনকেও হারালে কী নিয়ে বাঁচব’

অনলাইন ডেস্ক:

‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’—এভাবেই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা ১০ মাস বয়সী সন্তানকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন মোহাম্মদ কবির। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন। একই রোগে আক্রান্ত হয়ে মাত্র দুই দিন আগে মারা গেছে তাঁর বড় ছেলে ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাত।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালেই কথা হয় কবিরের সঙ্গে। কয়েক দিন ধরে দুই সন্তানের চিকিৎসা নিয়ে ছোটাছুটি, নির্ঘুম রাত এবং বড় ছেলেকে হারানোর শোকে বিপর্যস্ত তিনি। গত শনিবার সকালে ছোট ছেলেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসকেরা তাঁকে সন্তানকে দেখার সুযোগ দেন। ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কবির বলেন, ‘আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, লাইফ সাপোর্টে আছে। শুধু হার্টবিটটা আছে তার। ডাক্তাররা কোনো আশা দিতে পারতেছেন না। আজ সকালে ছেলেটাকে দেখাইছে। বুকটা কেঁপে উঠছে ভাই, আমার। এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব?’

তিনি আরও বলেন, ‘আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করেন ভাই। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আমার বুকের ধনটা এখন চুপ হয়ে গেছে।’

হাসপাতালে কবিরের সঙ্গে রয়েছেন তাঁর মা। স্ত্রী আমেনা বেগম বাসায় আছেন। বড় ছেলের মৃত্যুর পর থেকে তিনিও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান কবির।

একদিকে এক সন্তান হারানোর শোক, অন্যদিকে আরেক সন্তানের জীবন নিয়ে অনিশ্চয়তা। এর সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসার ব্যয়। কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। মাসে তাঁর আয় প্রায় ২০ হাজার টাকা। চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার এক নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন তিনি। বাসাভাড়া ছয় হাজার টাকা। এই আয়েই চলত চার সদস্যের সংসার।

ইতিমধ্যে দুই সন্তানের চিকিৎসায় আড়াই লাখ টাকার বেশি খরচ হয়েছে। নিজের সঞ্চয়, সহকর্মীদের সহযোগিতা ও আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়ে চিকিৎসার ব্যয় মেটাচ্ছেন তিনি। বড় ছেলেকে বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এখন ছোট ছেলের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর।

আরাফাত এখন শুধুই স্মৃতি

কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখায় ভালো ছিল সে। দুই সন্তানকে ঘিরেই ছিল কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগমের সংসার। কিন্তু কয়েক দিনের ব্যবধানে সেই সংসারে নেমে এসেছে শোকের ছায়া।

কবির জানান, ১৫ থেকে ২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর তাকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

সেখানে কয়েক দিন চিকিৎসা চললেও আরাফাতের অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে না পেরে শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন কবির। সেখানেও আইসিইউতে রাখা হয় শিশুটিকে। বাবার ভাষ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল।

গত বৃহস্পতিবার রাতে আইসিইউতে থাকা অবস্থায় বাবার ডাকে সাড়া দিয়েছিল আরাফাত। বাবাকে জানিয়েছিল, সে ভালো আছে। তবে সেখানে বেশিক্ষণ থাকার অনুমতি না থাকায় ছেলের সঙ্গে বেশি কথা বলতে পারেননি কবির। সেটিই ছিল তাঁদের শেষ কথোপকথন।

পরদিন শুক্রবার সকালে আরাফাতের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকেরা কবিরকে দ্রুত হাসপাতালে আসতে বলেন। কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সেদিন সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে ছেলেকে দাফন করেন তিনি।

বড় ছেলের স্মৃতিচারণা করতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন কবির। তিনি বলেন, ‘কাজ শেষে ঘরে ফিরলে দুই সন্তান আমার বুকে এসে পড়ত। কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল। বড় ছেলের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। আমার ছোট ঘরের প্রতিটি কোনায় দুই সন্তানের স্মৃতি। আমি সে ঘরে ফিরব কী করে, থাকব কী করে।’

কবির জানান, তাঁর স্ত্রী আমেনা বেগমের বয়স ২৯ বছর। বড় ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বারবার ছেলেকে খুঁজছেন, কখনো সংজ্ঞা হারাচ্ছেন। পানি ছাড়া মুখে কিছুই তুলছেন না বলেও জানান তিনি।

একদিকে বাড়িতে বড় ছেলের স্মৃতি নিয়ে শোকে মুহ্যমান মা, অন্যদিকে হাসপাতালে ছোট ছেলের সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় বাবা। সন্তানকে বাঁচাতে চিকিৎসকদের চেষ্টার পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ কবির।

সূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *