স্পোর্টস ডেস্ক:
আট বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ঘটে যাওয়া ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নতুন করে আলোচনায় এনেছেন অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা। তাঁর আসন্ন আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ দেওয়া বক্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দোষী সাব্যস্ত হন। তবে খাজার দাবি, শুধু এই তিনজন নন, দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই বিষয়টি জানতেন। তাঁর ভাষ্য, পুরো দলের হয়ে এই তিনজন দায় স্বীকার করেছিলেন।
খাজা আরও দাবি করেন, দলের তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও জানতেন যে বল বিকৃত করার পরিকল্পনা চলছে। এমনকি স্যান্ডপেপার ব্যবহারের আগে ব্যানক্রফটের সঙ্গে লেহম্যানের দীর্ঘ আলোচনা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে খাজার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন লেহম্যান।
এবার খাজার দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট। তাঁর প্রশ্ন, পুরো দল বিষয়টি জানলে কেউ কেন এর প্রতিবাদ করেননি?
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বয়কট লিখেছেন, ‘আমি খাজার কাছে ব্যাখ্যা জানতে চাই, কীভাবে পুরো দল প্রতারণা করার পর্যায়ে পৌঁছাল, যেখানে কেউ বা কোনো খেলোয়াড় বলেনি যে এটা ঠিক নয় এবং এর অংশ হতে অস্বীকার করেনি।’
খাজার দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে বয়কট জানতে চেয়েছেন, দলের সবাই যদি বল বিকৃতির বিষয়টি জেনে থাকেন, তাহলে কেউ কেন এর বিরোধিতা করেননি।