কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানী মন্ট্রিল থেকে রওনা হওয়ার পর হেলিকপ্টারটি সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশের সার্জেন্ট আন্দ্রিয়ে-অ্যানি বিলোদিও বিবিসিকে জানান, হেলিকপ্টারটিতে চালকসহ মোট চারজন ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ব্যক্তি মালিকানাধীন ছিল। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, শনিবার দুপুর ২টার পর পুলিশের কাছে হেলিকপ্টারটি নিয়ে একটি জরুরি ফোনকল আসে। এক প্রত্যক্ষদর্শী ফোন করে জানান, শহরের র‌্যাং দে ইকোসাইস এলাকায় হাইওয়ের কাছে একটি হেলিকপ্টার বিপদের মধ্যে পড়েছে এবং সেটিতে আগুন ধরে থাকতে পারে।

ফোনকল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে যায় বলে জানান আন্দ্রিয়ে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সাঁতে-ব্রিজিদ-দিবেরভিল পুলিশ। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *