কামরুল ইসলাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানাকে সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ আলী। দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মদক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের পাশাপাশি থানার সেবাব্যবস্থাকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওসি মো. পারভেজ আলী বলেন, পতেঙ্গা থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা অনৈতিক সুবিধা গ্রহণের শিকার না হন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের কাছে বিপদে পড়ে কিংবা বিভিন্ন প্রয়োজনে মানুষ সেবা নিতে আসেন। তাই একজন সেবাপ্রত্যাশী থানায় এসে যেন নতুন করে কোনো হয়রানির মুখে না পড়েন, তা নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, পতেঙ্গা মডেল থানায় ঘুষ ও দালালের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের আইনগত ও প্রয়োজনীয় সেবা পাওয়াকে তাঁদের নাগরিক অধিকার হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করা হচ্ছে। ওসি পারভেজ আলী জানান, পতেঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। থানাকে একটি মডেল থানায় রূপান্তরের প্রত্যয় নিয়েই তিনি দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, পুলিশের মূল দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী নাগরিকদের সেবা দেওয়া। থানায় আসা প্রত্যেক ব্যক্তির সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। পতেঙ্গা থানার পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, থানায় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ, অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ রোধ এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এ বিষয়ে দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলামের সঙ্গে আলাপকালে ওসি মো. পারভেজ আলী তাঁর বিভিন্ন উদ্যোগ ও দায়িত্ব পালনের বিষয়ে এসব কথা জানান। পুলিশের এই কর্মকর্তা বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে। থানায় এসে একজন নাগরিক যাতে তাঁর প্রয়োজনীয় সেবা পান এবং আইনগত সহযোগিতা লাভ করেন, সে বিষয়টি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পতেঙ্গা মডেল থানাকে সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয়ের কথাও জানান ওসি পারভেজ আলী।