কুড়িগ্রামে ছুরিকাঘাতে বীর মুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল নামে এক ব্যক্তি হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত জলিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটেছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *