সৌদি আরবের নিরাপত্তায় প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবকে রক্ষায় যতদূর যাওয়ার প্রয়োজন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ততদূর যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ শাখার (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা পাকিস্তানের কাছে শর্তহীন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কূটনৈতিক এবং সামরিক উভয়ভাবেই পাকিস্তান সৌদি আরবের পাশে আছে।”

সৌদি আরবের বিভিন্ন শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে এ সমর্থনের কথা জানানো হলো।

পাকিস্তানের এই সেনা কর্মকর্তা আরও বলেন, মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তায় ইতোমধ্যে পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন। পবিত্র এ দুটি শহরে কোনো ধরনের হামলা হলে পাকিস্তান এগিয়ে আসবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে বর্তমানে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

এর আগে সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলায় তায়েফ শহরে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক। আহত দুজনের একজন সৌদি আরবের এবং অন্যজন পাকিস্তানের নাগরিক।

হুথিদের সৌদিতে হামলা শুরুর পর এটিই দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার সৌদি আরব জানায়, হুথিরা পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল। তবে মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই সেটি ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *