কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “কৃষক সেমিনার ও পার্টনার কংগ্রেস–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হবেন। তিনি কৃষকদের মাঝে উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও ফসল সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিল্ড অফিসার রেজাউল করিম। তিনি বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে কৃষি উৎপাদন আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জোরকানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি স্থানীয় কৃষকদের সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জসীম উদ্দীন, চাষী, মোতালেব, সোহাগ, তহিদ, দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের। তারা কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা ও কৃষকদের সমস্যা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ফিল্ড অফিসার। সভায় উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত সচেতন কৃষকরা অংশগ্রহণ করেন। উপস্থিত কৃষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবু আহমেদ (গলিয়ারা), জামাল উদ্দীন, সেলিম, শাজেদা বেগম, শাহনাজ বেগমসহ আরও অনেকে।
সেমিনারে কৃষকদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে মতবিনিময় ও পরামর্শ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে তারা সরাসরি কৃষি কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে মতামত দেন।