কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী, চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রতি বছর এই প্রতিযোগিতা তাদের দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, গত ১৬ মে ২০২৬ তারিখে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

ব্যক্তিগত পর্যায়ে ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক পিয়াল মন্ডল শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তানভীর হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জবা আক্তার শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ফরমেশনের সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *