জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন—সরকারি সহায়তা চান রামকৃষ্ণ

জালালুর রহমান:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা-বাগানের মৃত দশরথ তেলির ছেলে সাবেক চা শ্রমিক রামকৃষ্ণ তেলি ও তার স্ত্রী গীতা রাণী তেলি মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তারা পূর্ব শিলুয়া এলাকায় একটি জরাজীর্ণ বসতঘরে বসবাস করছেন।

বর্ষা মৌসুমের শুরুতেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘরের পুরাতন ও ভাঙাচোরা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে, ফলে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। কোনোরকম পলিথিন টানিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, বসতঘরের অবস্থা এতই করুন যে, তা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না।

সরেজমিনে গিয়ে কথা হয় রামকৃষ্ণ তেলি ও গীতা রাণী তেলির সঙ্গে। তারা আক্ষেপের ভাষায় বলেন, বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। অত্যন্ত কষ্টে গত ২ বছর ধরে দিন কাটাচ্ছি। তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে একটি নিরাপদ ঘর নির্মাণের জন্য সহায়তা কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, অসহায় এই পরিবারটির মানবিক দিক বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তার আওতায় এনে তাদের বসবাসের উপযোগী একটি ঘরের ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *