চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ মে) চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে নিয়মিত মামলার ২ জন এবং পরোয়ানাভুক্ত ১১ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পূর্ব সুরাজপুর এলাকার মোঃ রিদুয়ান (৩৫), উত্তর কাহারিয়াঘোনা এলাকার মোঃ খাইরুল ইসলাম বাবু (২৯), সাতঘর পাড়া এলাকার গিয়াস উদ্দিন, জঙ্গল খুটাখালী এলাকার মোঃ এনাম, পাহাড়িয়া পাড়ার আব্দুল হামিদ, বাক্কার পাড়ার আলী আহম্মদ, ডেমুশিয়া এলাকার মোজাম্মেল হক, দরবেশকাটা এলাকার আবদুল করিম, কাকারা এলাকার আনু বেগম, নতুন ঘোনা এলাকার শওকত ইসলাম, বরইতলী এলাকার মোঃ বেলাল, হারুনুর রশিদ এবং গর্জনতলী এলাকার বেলাল।

চকরিয়া থানা পুলিশ জানায়, থানার আওতাধীন এলাকায় সক্রিয় অপরাধ চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, চোর-ডাকাত, মৎস্য ঘের ও ঘোনা দখলসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *