মোহাম্মদ হোসেন সুমনঃ
জেলা পর্যায়ের বহুল প্রতীক্ষিত ক্রীড়া আয়োজন “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে কক্সবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মার্শাল আর্ট ও কাবাডি ইভেন্টে অংশ নিয়ে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী একাধিক পদক অর্জন করে বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করেছে।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ এবাদুল্লাহ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক অর্জন করেন। তার এই কৃতিত্ব জেলা পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন খোকা কাবাডি ও মার্শাল আর্ট ইভেন্টে অংশ নিয়ে ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাদের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে।
এদিকে শিক্ষার্থীদের এ গৌরবোজ্জ্বল অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কক্সবাজারের মুখ উজ্জ্বল করবে এবং আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে।