চট্টগ্রামের সাবেক ছাত্রদল নেতা বার্মা সাইফুল আটক—পরিবারের অভিযোগ, পুলিশের নীরবতা

মোহাম্মদ সোহেল:

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশ বার্মা সাইফুলকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে সাদা পোশাকধারী পুলিশের একটি দল তাকে হেফাজতে নেয়।

তবে এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাইফুলের ভাই, ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মো. শাহীন অভিযোগ করে বলেন, “চিকিৎসার উদ্দেশ্যে আমার ভাই ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় ডিবির সদস্য পরিচয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে নিয়ে যান। ঘটনার পর আমরা চট্টগ্রাম পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কেউই আটকের বিষয়টি স্বীকার করেননি।”

তিনি আরও বলেন, “আইনের শাসনের দেশে এভাবে কাউকে তুলে নেওয়া অগ্রহণযোগ্য। যদি কোনো অভিযোগ থাকে, তবে তা প্রকাশ করে আইনগত প্রক্রিয়ায় গ্রেপ্তার করা উচিত।”

এদিকে আটকের পর থেকে বার্মা সাইফুলের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, কিংবা কোন মামলায় তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজ ও রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। অবিলম্বে সাইফুলের অবস্থান স্পষ্ট করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তার স্বজন ও সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *