দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সাজন আরমানের জরুরি কক্ষ (ইমারজেন্সি রুম) থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ জুন রাতে হাসপাতালে রোগী দেখার কাজে ব্যস্ত থাকা অবস্থায় এ চুরির ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ডা. সাজন আরমান জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বের অংশ হিসেবে তাঁকে হাসপাতালের ওপরের ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের দেখতে যেতে হয়। রোগী দেখার জন্য জরুরি কক্ষ থেকে ওপরের ওয়ার্ডে যাওয়ার সময় তিনি তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন এবং ১০ হাজার টাকাসহ মানিব্যাগটি জরুরি কক্ষেই রেখে যান।
ডা. আরমান জানান, “রাত ৪টার দিকেও মোবাইল ফোন ও মানিব্যাগটি ইমারজেন্সি রুমেই ছিল। কিন্তু সকাল ৭টার দিকে ডিউটি শেষে রুমে ফিরে এসে দেখি, আমার মোবাইল ও মানিব্যাগটি যথাস্থানে নেই।”
হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে দায়িত্বরত চিকিৎসকের কক্ষ থেকে এভাবে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং ইমারজেন্সি রুমের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
ভুক্তভোগী চিকিৎসক জানিয়েছেন, এ ঘটনায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।