টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশার কারণে জনগণের ভোগান্তি

মোঃ হাসান আলী:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়া বাসা থেকে কামালপুর, মোথাজুড়ি হতে সুন্দইল পর্যন্ত রাস্তাঘাটের বেহাল দশা বিরাজ করছে।

এলাকাবাসীর প্রতিনিয়ত রাস্তাগুলো দিয়ে চলাচলে নানা ধরনের সমস্যা পোহাতে হচ্ছে। জনজীবন হয়ে উঠছে অতিষ্ঠ। ভ্যানগাড়ি ও অটোগাড়ি চলাচলেও নানা ধরনের সমস্যা হচ্ছে। এটি উপজেলা শহর হতে ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত।

সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে পুরো রাস্তা। এতে করে গাড়িচালক ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে নানা সমস্যা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় পিচ্ছিল ও কর্দমাক্ত রাস্তায় পড়ে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম বলেন, রাস্তাগুলো দিয়ে চলাচলে স্থানীয়দের নানা সমস্যা হচ্ছে এবং এখনো কোনো ধরনের উন্নয়ন হয়নি। তিনি স্থানীয় সরকারের কাছে দ্রুত রাস্তার উন্নয়নের আকুল আবেদন জানান।

স্থানীয়রা জানান, পাহাড়ি অঞ্চল হওয়ায় বৃষ্টি হলেই খানা-খন্দে পানি জমে রাস্তা কাদায় পরিণত হয়। রাস্তায় পা ফেলা দুষ্কর হয়ে পড়ে। এই বেহাল রাস্তা দিয়েই কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা তাদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন না। এছাড়া সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *