ঢাকা-৫ এর ৬৪নং ওয়ার্ডে গণসংযোগে নবী উল্লাহ নবী; জলাবদ্ধতা ও গ্যাস সংকটসহ নানা সমস্যা তুলে ধরলেন ভোটাররা

স্টাফ রিপোর্টার :

ঢাকা-৫ সংসদীয় আসনের ৬৪নং ওয়ার্ড (পশ্চিম) এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। বুধবার অনুষ্ঠিত এই গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মতবিনিময় সভায় এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত নগরায়ন এবং ময়লার ভাগাড়জনিত দুর্ভোগসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সমস্যার দ্রুত ও টেকসই সমাধানের জোর দাবি জানান।

এসময় আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “জনগণের মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানই আমার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *