তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে মহাসড়কে নেতা-কর্মীদের ঢল

মোহাম্মদ হোসেন হ্যাপী:

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে শনিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জড়ো হন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সকাল পৌনে ৮টা থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অবস্থান নিতে দেখা যায় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন। অনেকেই স্লোগান দিতে থাকেন এবং সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাবেন—এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাঁকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। সফরকালে আমরা তাঁকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাতে চাই।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন, “এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ, ভালোবাসা ও নেতার প্রতি শ্রদ্ধা থেকেই আমরা এখানে জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।”

স্থানীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের সফরকে ঘিরে মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সড়কপথে সফরকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকেই এটিকে বিএনপির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *