তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস যাবে চুনকুটিয়ায়

নিজস্ব প্রতিবেদক:

সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, কেরানীগঞ্জের চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, ঝিলমিল প্রকল্পে ডিপো তৈরির জন্য সরকার ইতোমধ্যে অনুমতি দিয়েছে। সেখানে কাজ শুরু হয়েছে। এ ছাড়া রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। ওই জায়গায় স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ায় দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাক স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।

কত দিনের মধ্যে স্থানান্তর সম্ভব হবে—জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে স্থানান্তর করা হবে।

মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এটি একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হবে। কেউ সামান্য অনিয়মের চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা মহানগরে অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় সবাই অতিষ্ঠ। তারা এ অবস্থার পরিবর্তন চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *