সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন”: শেখ হাসিনার উদ্দেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মোঃ আনজার শাহ :

আদালতে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, সাহস থাকলে তিনি যেন এখনই দেশে এসে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আইনি প্রক্রিয়া অনুসরণ করেন।
মন্ত্রী বলেন, “আপনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে। আপনি আসুন, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। আইন অনুযায়ী যদি আপনার ফাঁসি হয়, তবে তা-ই হবে।”

দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে রাতে ঘুমন্ত অবস্থায় ট্রাকচালক ও বাসচালকদের বাহনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এসব ঘটনার পেছনে বিভিন্ন শ্রমিকের মাধ্যমে অর্থ ছড়ানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, কেউ কেউ এসব কাজে যুক্ত থেকে আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, দেশের জনগণ তা চায় না।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, এমনটি তাঁরা চান কি না। জবাবে উপস্থিত জনতা সমস্বরে “না” বলে সাড়া দেন।

মন্ত্রী বলেন, যত চেষ্টাই করা হোক, প্রতিরোধে পুলিশের ওপর নির্ভর করা হবে না। বিএনপির নেতাকর্মীরা নিজেরাই মাঠে থাকবেন। ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলীয় নেতার নির্দেশে সবাই রাজপথে থাকবেন।
নিজেদের সংগ্রামের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, গত ১৭ বছর পুলিশ, বিডিআর ও র‍্যাবের মুখোমুখি হয়ে তাঁরা লড়াই করেছেন। আওয়ামী লীগের সাহস থাকলে তারা একা রাজপথে এসে মোকাবিলা করুক।

সবশেষে মন্ত্রী বলেন, বিএনপি জনগণের জন্য কাজ করে এবং জনগণের ভোটেই সরকারে এসেছে। জনগণই তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, যারা এ দেশে ক্ষমতায় ফিরতে চায়, আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *