নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন:

নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম এবং যুব সংগঠক আলমগীর হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও কর্মদক্ষতা বিকাশের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবক-যুবতীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন যুবসমাজকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি তরুণদের প্রশিক্ষণ গ্রহণ, নিজেদের দক্ষতা বাড়ানো এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এদিকে, জাতীয় যুব দিবসের কর্মসূচির পাশাপাশি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের রাজারটেক ও কামরাবো বাজার এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষিজমির টপসয়েল রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *