আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উঠান বৈঠক আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জোবায়ের হাবিব।
কুশংগল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয় এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত মৌলিক তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়। উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতিতে একটি সচেতনতামূলক পরিবেশ তৈরি হয়।