সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার ২৪ জানুয়ারি রাতে আড়াইহাজার উপজেলার আতাদী গ্রামের মৃত মতি মোল্লার ছেলে ঝালমুড়ি বিক্রেতা ইমরান আতাদী ওয়াসা লাইনের ওপর একটি ওয়াজ মাহফিলে ঝালমুড়ি বিক্রি করতে যান। এ সময় ভৈরবদী গ্রামের মোশাররফের ছেলে নয়ন (২৫)-এর সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
একপর্যায়ে ইমরান পেঁয়াজ ও মরিচ কাটার ধারালো চাকু দিয়ে নয়নের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ২৫ জানুয়ারি রাতে নয়নের মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করে।
সোমবার দুপুর ৩টায় আড়াইহাজার থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।