নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: গুলিবিদ্ধ ‘মাদক সম্রাট’ ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দুল্লাহ ও শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত তার সহোদর মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলে পুলিশের পাল্টা গুলিতে ডেভিড আহত হন। এ ঘটনায় ককটেলের স্প্লিন্টারে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ও সকালে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ফতুল্লা থানা পুলিশ ও র‍্যাব-১১ যৌথ এবং পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতুল্লার মধ্যনগর বক্তাবলী এলাকার (বর্তমানে দেওভোগ ভূঁইয়া সিটি) দেলোয়ার হোসেনের দুই ছেলে আব্দুল্লাহ (৩২) ও মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), দেওভোগ মাদ্রাসা এলাকার আব্দুস সামাদ (২৩), ময়মনসিংহের কোতোয়ালি থানার ছন্দের বাজার এলাকার (বর্তমানে দেওভোগ পানির ট্যাংকি এলাকা) মাহমুদুল হাসান (২২), ফতুল্লার নাগবাড়ি এলাকার জাবেদ কায়সার আজাদ (৪০) এবং একই এলাকার আদর (২২)।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ফতুল্লার হাশেমবাগ এলাকায় যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আ. সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল মাদক কারবারি তাঁদের ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এএসআই সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও দুর্বৃত্তদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৬৭) দায়ের করা হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে দুটি বিশেষ দল তদন্ত ও অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৫ নভেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি ও ফতুল্লা থানা পুলিশের যৌথ দল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টি এলাকার নূর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করেন বলে জানায় পুলিশ। আত্মরক্ষার্থে ফতুল্লা থানার কনস্টেবল মো. পারভেজ শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের স্প্লিন্টারে পুলিশের চার সদস্যও সামান্য আহত হন। পরে আহত ডেভিডকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, পৃথক অভিযানে র‍্যাব-১১ মামলার অপর দুই আসামি জাবেদ কায়সার আজাদ ও আদরকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক (বিপিএম) জানান, গ্রেপ্তার ছয়জনের মধ্যে চিকিৎসাধীন ডেভিড ছাড়া বাকি পাঁচজনকে আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *