নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণে দগ্ধ ৫ জন, বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী ও তাদের সন্তানদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রবিবার (১০ মে) বেলা ১২টার দিকে তিনি ইনস্টিটিউটে উপস্থিত হয়ে দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, গৃহকর্তা গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়, এতে পরিবারের সবাই দগ্ধ হন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। একটি পরিবার মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে। তাদের শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল।

মন্ত্রী বলেন, দগ্ধদের সর্বাত্মক চিকিৎসা চলছে এবং তাদের সুস্থতার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। প্রয়োজনে আর্থিক সহায়তাও সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে।

গ্যাস দুর্ঘটনা রোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সমাজে এখনো গ্যাস ব্যবহারে যথেষ্ট সচেতনতা নেই। যারা সিলিন্ডার ব্যবহার করেন, তারা অবশ্যই সিলিন্ডার বাইরে রাখবেন এবং নিয়মিত লিকেজ পরীক্ষা করবেন। সরকারি গ্যাস সংযোগ ব্যবহারের ক্ষেত্রেও সংযোগের সময় ভালোভাবে পরীক্ষা করা উচিত। এছাড়া রান্নার সময় ঘরের দরজা-জানালা খুলে রাখতে হবে।

তিনি আরও জানান, গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষে আগুন সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব না হলেও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এজন্য নিয়মিত প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *