মোহাম্মদ হোসেন হ্যাপী:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ২০ জন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ কমিটির গুরুত্বপূর্ণ ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরো ৮ নেতা এই তালিকার অন্তর্ভুক্ত।
বহিষ্কৃত নেতারা হলেন থানা কমিটির মাজেদুল ইসলাম (সভাপতি), জি এম সাদরিল (সহসভাপতি), মো. আবুল হোসেন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), কামরুজ্জামান শরিফ (যুগ্ম সম্পাদক), আলী আকবর (সাংগঠনিক সম্পাদক) ও শামিম আহম্মেদ ঢালি (সদস্য), ওয়ার্ড পর্যায়ে মোহাম্মদ আলী (সভাপতি, ২ নম্বর ওয়ার্ড), মাসুদুজ্জামান মন্টু (সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড), মুন্সি আলী আইয়ুব (সা. সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ড), মাসুদ করিম (সা. সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড), মো. জিল্লুর রহমান (সা. সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড), মো. জামাল প্রধান (সা. সম্পাদক, ১০ নম্বর ওয়ার্ড), জামান মির্জা (সা. সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড) এবং শহিদুল ইসলাম ভূঁইয়া (সাংগঠনিক সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড)।
সোনারগাঁয়ে বিএনপির ৬ জন নেতাকে একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন উপজেলা বিএনপির বজলুর রহমান (সহসভাপতি), অ্যাড. সাদ্দাম হোসেন (যুগ্ম সম্পাদক), জিয়াউল ইসলাম চয়ন (যুগ্ম সম্পাদক) ও খন্দকার আবু জাফর (সদস্য), পৌর বিএনপির পনির হোসেন (সহসভাপতি) এবং হুমায়ুন কবির রফিক (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ দৈনিক স্বাধীন সংবাদ ও ডিজিটাল মাল্টিমিডিয়ার ব্যুরো চিফ কে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই আদেশে ময়মনসিংহের ভালুকা এলাকার কয়েকজন নেতাকেও বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।