হাটহাজারীতে ধানের শীষের নির্বাচনী মাঠ সরগরম, নাঙ্গলমোড়ায় নওশীন আরজানের দিনভর গণসংযোগ

মোঃ আরফাতুল ইসলাম:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী নওশীন আরজান চৌধুরী হেলাল। নারী ভোটারদের সক্রিয় করতে এবং ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে নাঙ্গলমোড়া ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাঙ্গলমোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশেষ করে নারী ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রচারণার সূচনা হয় নাঙ্গলমোড়া হালদা নদীর পূর্বপাড়ার ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে। নওশীন আরজান চৌধুরী হেলাল বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাঁদের কথা শোনেন এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে ভোট প্রার্থনা করেন।

দিনের বিভিন্ন সময়ে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন করেন। এরপর ইব্রাহীম মার্কেটে নাঙ্গলমোড়া ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন শেষে ৪ নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী পাড়া এলাকায় গণসংযোগ চালান। দিনের শেষভাগে শামসুল আলম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র এবং দক্ষিণ নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

গণসংযোগকালে নওশীন আরজান চৌধুরী হেলাল বলেন,

“আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। সেদিন ফজরের নামাজের পরপরই সবাই যেন ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং নিজের ভোটটি দিনের প্রথম ভোট হিসেবে দেন—এই সচেতনতা ও ইতিবাচক প্রতিযোগিতা আমাদের সবাইকে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,“ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচিত হলে হাটহাজারীর দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দখল হয়ে যাওয়া খাল উদ্ধার, নদী খনন এবং টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে হাটহাজারীকে বন্যার কবল থেকে মুক্ত করাই আমাদের অগ্রাধিকার।”

এদিনের গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ দিলু, নাঙ্গলমোড়া বিএনপির সভাপতি ড. সালাউদ্দীন আলী, প্রবীণ বিএনপি নেতা আবুল কালাম মানিক, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান, জাহাঙ্গীর আলম মুন্সী, দিদারুল আলম মুন্সী, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগকালে স্থানীয় সাধারণ ভোটাররা নওশীন আরজান চৌধুরী হেলালকে কাছে পেয়ে তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *