খুলনা জেলা স্টেডিয়ামে বছরজুড়ে খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়ার উদ্যোগ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অংশ নিতে দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে, যেখানে প্রথম আসরে নিবন্ধন ছিল এক লাখ ৬৮ হাজার। নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ সরাসরি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের মে বা জুন মাসের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষ করার পরিকল্পনা রয়েছে।

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের ভবিষ্যৎ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রথম আসরের অনেক বিজয়ী বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের হারিয়ে যেতে দেওয়া হবে না। প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁদের পড়াশোনার দায়িত্বও রাষ্ট্র বহন করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ জাতি গঠন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খুলনার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে নতুন ক্রীড়া ক্যালেন্ডার অনুযায়ী খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বছরজুড়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান এবং বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *