ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিনি ১১ দলীয় ঐক্যের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের সঙ্গে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলো হলো—শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, আগামী ২৯ অক্টোবরের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আউলিয়াপুর ইউনিয়নের দুটি পক্ষের মধ্যকার বিরোধ।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন। পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
উপনির্বাচন নিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ভোটগ্রহণকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন তারা। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে বলে জানান তিনি।
দেলাওয়ার হোসেন আরও বলেন, নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানিয়েছেন তারা।
আউলিয়াপুর ইউনিয়নের বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নটির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করে উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। বিরোধের অবসান ঘটিয়ে যাতে সবাই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সাক্ষাতের সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সেক্রেটারি মুহাম্মাদ আলমগীর, সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দীন আহমেদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।