হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে পাকিস্তানের অস্ত্র সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক:

হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সামরিক সহায়তা দিতে পাকিস্তান চারটি কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সহযোগিতার অংশ হিসেবে এসব সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে পাকিস্তান থেকে পাঠানো সরঞ্জামের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন ও ড্রোন প্রতিরোধী সরঞ্জাম রয়েছে। ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে এসব সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেন পরিস্থিতিকে এই প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও কাজ করছেন। পাকিস্তান সৌদি আরবে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করলেও ইয়েমেনে সরাসরি যুদ্ধের জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত এখনো নেয়নি বলে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক তৎপরতাও বাড়ছে। রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইয়েমেনি সরকারি বাহিনীকে সামনে রেখে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অভিযানে সৌদি বিমান সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে লড়াইও তীব্র হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, তাইজ প্রদেশে হুতিদের অবস্থান, যোদ্ধা, যানবাহন ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে কয়েক ঘণ্টার মধ্যে ২০টি বিমান হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে সৌদি ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে। বিশেষ করে মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুতিদের হামলার অভিযোগ করা হয়েছে। তবে হুতিরা ওই অভিযোগ অস্বীকার করেছে।

এ পরিস্থিতিতে ইয়েমেন সংঘাতে পাকিস্তান ও তুরস্কের সামরিক সহযোগিতা সৌদি আরবের সঙ্গে তাদের নতুন প্রতিরক্ষা সম্পর্কের বাস্তব প্রয়োগ হিসেবে সামনে এসেছে। একই সময়ে মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য তিন দেশ হুতিদের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাও আলোচনায় রেখেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, এ বিষয়ে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *