মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসআই সহিদুল ইসলাম ও এসআই পংকজ কুমার আচার্যের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মাহফুজুল আলম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত মাহফুজুল আলম কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. লালন মোল্লা এবং মাতার নাম সুমি আক্তার।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে