বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি মো. রাজু (৩৬)-কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল ১ নম্বর ওয়ার্ডের চিটাগাং রোড এলাকায় দিগন্ত বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে রাজুকে আটক করে।

গ্রেফতারকৃত রাজু মাদানীনগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম সিকিম আলী ওরফে জমিম এবং মাতার নাম রহিমা বেগম।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২৩ আগস্ট বিস্ফোরক উপাদানাবলী আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-১৯ মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

পুলিশের প্রাথমিক রেকর্ড ও সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, রাজুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানায় মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং অবৈধ মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *