নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধে মাঠে বরুড়া বিএনপি

মোঃআনজার শাহ

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সম্ভাব্য নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা প্রতিহত করতে কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় অবস্থান নিয়েছেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সতর্ক নজরদারির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিয়মিত বিক্ষোভ মিছিল, পথসভা এবং সাংগঠনিক সমাবেশের মাধ্যমে মাঠপর্যায়ে নিজেদের অবস্থান জোরদার করছেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন।

বরুড়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিকের নেতৃত্বে এবং বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের নির্দেশনায় নেতাকর্মীরা এলাকায় সতর্ক অবস্থান বজায় রেখেছেন বলে জানা গেছে। তাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য বা সমর্থক যাতে গোপনে কিংবা রাতের আঁধারে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেজন্য সর্বস্তরে নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আমরা কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। জনগণের জানমাল রক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের নিরাপত্তার স্বার্থে আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, বরুড়ার বিভিন্ন এলাকায় নিয়মিত সাংগঠনিক তৎপরতা পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এলাকায় যাতে কোনো ধরনের গুজব, আতঙ্ক বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও তারা সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় পর্যায়ে দলগুলোর এমন সক্রিয় অবস্থান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যেকোনো পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *