পরিবহন মালিকদের বিরোধে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি:

পরিবহন মালিকদের মধ্যে বিরোধের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন কিশোরগঞ্জ ও ঢাকাগামী যাত্রীরা।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল জানান, মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছে। পুরোনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হয়েছে।

আনিসুজ্জামান বাবুলের অভিযোগ, মহাখালীর পরিবহন মালিকেরা তাঁদের সঙ্গে অসহযোগিতা করছেন। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে পুরোনো বাস সরবরাহের চেষ্টা করা হচ্ছে। তবে কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন বাস চলাচল করায় তাঁরা পুরোনো বাস নিতে রাজি নন। এ কারণে কাউন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তাঁরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। বিরোধ নিষ্পত্তি ও সমস্যা সমাধানে রোববার দুপুর ১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনায় ডাকা হয়েছে।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাওয়া এবং ঢাকা থেকে কিশোরগঞ্জে ফেরার জন্য এ রুটের বাসের ওপর নির্ভরশীল যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ রুটে বাস চলাচল বন্ধ থাকা পরিবহনগুলোর মধ্যে রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস। সব মিলিয়ে এ রুটে ২৩৭টি বাস চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *