Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড় - দৈনিক স্বাধীন সংবাদ

পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়

বিনোদন ডেস্ক :

একদিকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, অন্যদিকে ক্ষমতার মসনদে থাকা প্রভাবশালী ব্যক্তিদের রক্ষার গোপন খেলা। ঠিক এমনই উত্তপ্ত আবহে তেলশিল্পের প্রভাবশালী ব্যবসায়ী ‘ডিগার রকওয়েল’ চরিত্রে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ। অস্কারজয়ী বিখ্যাত পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এর চূড়ান্ত ট্রেলার প্রকাশিত হতেই বিশ্বজুড়ে বিনোদনপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সিনেমার গল্পে দেখা যাবে, একটি বিশাল পরিবেশগত বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী ডিগার। পরিস্থিতি যত জটিল হতে থাকে, দেশের একের পর এক প্রভাবশালী ব্যক্তি এই বিশৃঙ্খলার জালে আটকা পড়েন। পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধারকাজে তারা ভরসা করতে বাধ্য হন ডিগারের ওপরই।

ট্রেলারে এক বার্তা প্রতিধ্বনিত হয়—‘আমরা ডিগারকে বিশ্বাস করি!’ তবে বিপর্যয় মোকাবিলার পাশাপাশি বড় প্রশ্নও থেকে যায়—এই ধ্বংসলীলা থামানোর একমাত্র কাণ্ডারি কি ডিগার, নাকি পর্দার আড়ালে ঘটনাটি ঘটানোর পেছনেও রয়েছে তারই কোনো হাত? ডার্ক কমেডি ও রাজনৈতিক বিদ্রূপের চমৎকার মিশ্রণে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে মনস্তাত্ত্বিক থ্রিলারের আবহ।

ছবিটিতে টম ক্রুজ ছাড়াও অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনেতা—রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হ্যুলার, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স এবং এমা ডি’আরসি। ছবিটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ইনারিতু, আলেকজান্ডার দিনেল্যারিস, নিকোলাস জিয়াকোবোন ও সাবিনা বারম্যান।

কারিগরি দিক থেকেও সিনেমাটিতে বিশ্বমানের আয়োজন রাখা হয়েছে। ‘ভিস্টাভিশন’ প্রযুক্তিতে ধারণ করা এই ছবির চিত্রগ্রহণ করেছেন তিনবারের অস্কারজয়ী কিংবদন্তি সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি। সংগীত পরিচালনায় রয়েছেন কসমো শেলড্রেক।

ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আগামী ২ অক্টোবর ২০২৬ বিশ্বজুড়ে একযোগে প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *