পূবাইলে চুরির অপবাদে যুবক হত্যা: ৩ আসামি গ্রেপ্তার

খসরু মৃধা: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। গতকাল রোববার পূবাইল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।

মামলারনএজাহার সূত্রে পুলিশ জানায়, নিহত জুয়েল (৩৫) কিছুদিন ধরে একটি ইজিবাইক ভাড়ায় চালাতেন। ওই ইজিবাইকের ব্যাটারি চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ জুলাই স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, জরিমানার টাকা নিয়ে বিরোধের জেরে ২৬ জুলাই রোববার সকাল আনুমানিক ১০টার দিকে কয়েকজন অভিযুক্ত জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে খিলগাঁও এলাকার সফি ডাক্তারের খালি জমিতে একটি আকাশমণি গাছের নিচে নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও পেট রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত চাঁন মিয়া ওরফে রিংকু হত্যার উদ্দেশ্যে জুয়েলের বুকে ও বাম কাঁধের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় জুয়েলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁন মিয়া ওরফে রিংকু (২৫), মো. রুবেল (২৮) এবং মো. সোহেল (৩৮)।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আতিকুর রহমান জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *