খসরু মৃধা:
পূবাইল থানা পুলিশ চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ গম ও ভুষি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ আবিয়াল কায়েস (৪০), পিতা- মোঃ আবুল কাশেম দেওয়ান, মাতা- মোছাঃ ফেরদৌসি বেগম। তিনি বর্তমানে পূবাইল থানার মাজুখান এলাকায় অবস্থিত তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ২৮ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি প্রতিষ্ঠানে এসে দেখতে পান যে, গোডাউন ঘরের টিনের বেড়া ভাঙা। পরে প্রতিষ্ঠানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একই দিন রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে প্রতিষ্ঠানের শ্রমিক সর্দার মোঃ শাহ আলমসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৫০ বস্তা গম (প্রতি বস্তা ৫০ কেজি), যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ৫০ বস্তা মোটা ভুষি (প্রতি বস্তা ৩৭ কেজি), যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। সর্বমোট চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় লিখিত এজাহারের ভিত্তিতে পূবাইল থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ শাহ আলম (৩৭)-কে পূবাইল থানার মাজুখান এলাকা থেকে গ্রেফতার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পূবাইল থানার তালটিয়া (সাতপোয়া) এলাকায় জনৈক মোফাজ্জল হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ২০ বস্তা গম (মোট ওজন ১,০০০ কেজি, মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) এবং ১৫ বস্তা গমের ভুষি (মোট ওজন ৫৫৫ কেজি, মূল্য আনুমানিক ২৭ হাজার ৭৫০ টাকা) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।