ফাইনালের আক্ষেপ ভুলে ব্রোঞ্জের লড়াইয়ে ফ্রান্স-ইংল্যান্ড, টুখেলের কণ্ঠে হতাশার সুর

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড ও ফ্রান্স। তবু নিয়মের বাধ্যবাধকতায় এবার মুখোমুখি হতে হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ম্যাচটির গুরুত্ব নিয়ে খোলাখুলিই নিজের হতাশার কথা জানিয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর টুখেল বলেন, “আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেখানে ওঠার জন্য আমরা সবকিছু উজাড় করে দিয়েছি। তবু পেশাদারিত্বের জায়গা থেকে ম্যাচটি খেলব।”

রোববার (বাংলাদেশ সময় রাত ৩টা) মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। বিশ্বকাপের মেগা ফাইনালের আগেই এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টকে বিদায় জানাবে ফুটবলের দুই পরাশক্তি।

সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে এগিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের।

দেশ্যমের বিদায়ের ম্যাচ

এই ম্যাচটি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যমের দীর্ঘ ১৪ বছরের কোচিং অধ্যায়ের শেষ ম্যাচও হতে পারে। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ ২০২২ সালে দলকে ফাইনালে তুলেছিলেন, আর এবারও পৌঁছে দিয়েছেন শেষ চারে। তবে টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়ছেন তিনি।

সেমিফাইনালে হারের পর দেশ্যম বলেন, “তৃতীয় স্থান অর্জনের সুযোগ এখনো আছে। আমরা অবশ্যই জয়ের জন্য খেলব। যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে নেই, কিন্তু বাস্তবতা মেনে নিয়েই সামনে এগোতে হবে।”

গোল্ডেন বুটের লড়াইও জমজমাট

অনেকের কাছে এটি ‘সান্ত্বনার ম্যাচ’ হলেও গোল্ডেন বুটের দৌড়ে এর গুরুত্ব কম নয়। ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি—দুজনেরই গোল সংখ্যা বর্তমানে আটটি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে এমবাপের।

অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের গোল ছয়টি করে। বড় কোনো পারফরম্যান্স করলে তারাও আবার গোল্ডেন বুটের লড়াইয়ে ফিরে আসতে পারেন।

বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা এখন ২০। আর মাত্র একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ইতিহাসে মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ করবেন।

একাদশে আসতে পারে বড় পরিবর্তন

কঠিন ও ক্লান্তিকর টুর্নামেন্ট শেষে ইংল্যান্ড কোচ টুখেল দলে একাধিক পরিবর্তন আনতে পারেন। বিশ্বকাপে এখনো অভিষেক না হওয়া কোবি মাইনু এবং স্ট্রাইকার অলি ওয়াটকিন্স শুরুর একাদশে সুযোগ পেতে পারেন।

ফ্রান্সের হয়ে দীর্ঘদিনের নির্ভরযোগ্য মিডফিল্ডার এন’গোলো কান্তেকেও প্রথমবারের মতো মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই তারকা এবারের আসরে এখনো এক মিনিটও খেলেননি।

সম্মান, অর্থ ও র‍্যাংকিংয়ের লড়াই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই গুরুত্বহীন মনে করলেও এর সঙ্গে জড়িয়ে আছে সম্মান, অর্থ ও ফিফা র‍্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ হিসাব।

বিশ্বকাপে তৃতীয় হওয়া দল পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার, আর চতুর্থ হওয়া দল পাবে ২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে ফিফা র‍্যাংকিংয়ের মূল্যবান পয়েন্টও, যা ভবিষ্যতের ড্র ও টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইনালের স্বপ্ন ভেঙে গেলেও, শেষ হাসি কে হাসবে—ফ্রান্স নাকি ইংল্যান্ড—সেই উত্তর মিলবে রোববার ভোরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *