ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে পটুয়াখালীতে আহত ৫০

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল। কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে ছিল। খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে অপর দলের টিম লিডার রাকিব তালুকদারের লোকজন ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এরপর সংঘর্ষ মাঠ থেকে ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন মিশন খান (২৭), জলিল খান (৬০), মজিবর প্যাদা (৪৮), লাল মিয়া (৫২), বেল্লাল মুন্সি (২৭), রাসেল গাজী (৩২), হান্নান মৃধা (৬০), কামাল (৪৫), সাইফুল কাজী, সানাউল্লাহ (২৮), আবুল হাওলাদার (৬০), শাকিল (২৫), রাখাইন ডিস্কো, জাকির হোসেন (৩৫), কবির হোসেন (৩৮), আলমগীর হোসেন (৩৭), আরিয়ান তালুকদার (১৮), মানিক (২৫) ও রনি।

সংঘর্ষে আপন দুই ভাই মিরাজ খান (৩০) ও মিশন খান (২৭) গুরুতর আহত হন। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিরাজ খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মিরাজের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গলাচিপা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীল হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফুটবল খেলা পরিচালনাকারী কমিটির আহ্বায়ক কামাল মৃধা বলেন, চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করেছে। বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশ দায়ী। তাদের কারণে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এমনকি খেলা কমিটির লোকজনের গায়েও হাত তোলা হয়েছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যে-ই হোক, তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *