মো. শামীম হোসেন সিকদার:
জুলাই-আগস্টের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ের করা মামলায় বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এর আগে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন।
শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে থাকা চারটি মামলার মধ্যে দুটিতে জামিন মঞ্জুর করেন। তবে অপর দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে বান্দরবান জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালতের আদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিরাপত্তার মধ্য দিয়ে অমল কান্তি দাশকে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে, অমল কান্তি দাশের সম্পদ নিয়েও স্থানীয় পর্যায়ে নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একসময় সাধারণ জীবনযাপন করলেও পরবর্তী সময়ে তিনি বিপুল পরিমাণ জমি, ভবনসহ স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। তাঁর সম্পদের উৎস ও আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে বলেও জানা গেছে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সম্পদের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়দের অনেকে।
তবে অমল কান্তি দাশের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং তদন্তের ফলাফল না আসা পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।