ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে হাজীগঞ্জে মুসল্লিদের বিক্ষোভ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (১৫ মে ২০২৬) জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— “ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান”।

সমাবেশে বক্তব্য দেন হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন।

তিনি অভিযোগ করে বলেন, হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের জন্য ৬৬ শতাংশ জমি ওয়াকফ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে ওই স্থান ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকাবাসী সেখানে ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে সম্প্রতি একটি চক্র ঈদগাহের জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠে।

মুফতি ইমরান হোসেন বলেন, “স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজীগঞ্জ এলাকার ঈমানদার মুসলমানরা জীবিত থাকা পর্যন্ত ঈদগাহের জায়গা নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। কারও হাত যত লম্বাই হোক, ঈদগাহ দখলের চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “ঈদগাহ মুসল্লিদের ধর্মীয় সম্পদ। এটি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ রয়েছে।”

সমাবেশে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ ডা. জসিমউদ্দিন বলেন, “ঈদগাহ ও মসজিদের জন্য ওয়াকফ করা জমি নিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক। এ কারণে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মসজিদের জায়গা দখল করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে। কোনো কিছুর বিনিময়ে এ জায়গা ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *