মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্রদ্ধাঞ্জলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ব্যুরো চিফ: মোহাম্মদ হোসেন হ্যাপী

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অদ্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার গৌরবোজ্জ্বল স্মারক। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ আলোচনা সভা। এসব আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। প্রতিবছর এই দিনটি জাতির ইতিহাসে গৌরবের দিন হিসেবে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *